প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:০৮:৪২ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে ধানের শীষ প্রতীকের পক্ষে অনুষ্ঠিত জনসভা। বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের স্রোতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই এলাকাবাসী, যুবসমাজ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নতুন প্রজন্মের ভাবনায় উন্নয়ন প্রতিশ্রুতি:বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন,“সীতাকুণ্ডের সম্ভাবনা অগাধ—এখানে শিল্প, শিক্ষা, পর্যটন ও মানবসম্পদের উন্নয়ন করা গেলে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধ সীতাকুণ্ড গড়ে উঠবে।’’
তিনি সীতাকুণ্ডে শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ, মহাসড়ক ও উপকূলীয় এলাকায় দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলা এবং যুবসমাজকে দেশের উন্নয়নযাত্রায় যুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। তাঁর বক্তব্যে ভবিষ্যতমুখী উন্নয়ন অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা উপস্থিত জনতার মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক আহ্বায়ক গাজী সুজা উদ্দিন,সদস্য এম.শামসুদোহা,কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, মুন্সি মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
তাঁরা বলেন, সীতাকুণ্ডের জনগণ বহুদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচারের জন্য যে পরিবর্তনের আশায় অপেক্ষা করছেন, কাজী সালাউদ্দিন সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব করছেন। আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণই হবে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রধান শক্তি।
স্থানীয় নেতাকর্মী, তরুণ–তরুণী, নারী ভোটার ও বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো জনসভাস্থল জনসমুদ্রের রূপ নেয়। মিছিলে, শ্লোগানে এবং ব্যানার–ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজনস্থলে ছিল নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি, ফলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জনসভা শেষে প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের ভোট ও দোয়া চান।