প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৩:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃ আলামিন হোসেন, তাড়াশ, সিরাজগঞ্জ: ১৪ নভেম্বর সিরাজগঞ্জের তাড়াশে এক দুর্ধষ ডাকাতির ঘটনায় দুলাল হোসেন (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে একদল ডাকাত তার বাড়ি থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের একটি শাহিয়াল জাতের গাভি লুট করে নিয়ে যায়।
জানা গেছে, শুক্রবার ভোর রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামের কৃষক দুলাল হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির গেট ভেঙে গোয়ালে প্রবেশ করে এবং গাভিটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে কৃষক দুলাল হোসেন চিৎকার দিলে ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় দুলাল হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাতিজা রিপন শেখ জানান, ডাকাতদের হামলায় দুলাল হোসেনের মুখে ৩৩টি সেলাই লেগেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।