প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ১০:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে পর্যাপ্ত এবং অবিলম্বে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে স্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো মেট্রোরেল প্রকল্পের সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষা বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ (৩৫) নামের এক পথচারী।
এ ঘটনায় সোমবার একটি রিট করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া আরও দুটি রিট করেন আইনজীবী তনু হাওলাদার ও আইনজীবী সুমাইয়া বিনতে তানভীর।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।