প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১২:২০:২০ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনকে সামনে রেখে ক্যাটাগরি-২-এর প্রার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার অনুষ্ঠাতব্য বিসিবি নির্বাচনের আগে কাউন্সিলরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই চলমান সংকটের অবসান ঘটাতে হবে।
শুক্রবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্যাটাগরি-২-এর ১৬ জন প্রার্থী একসঙ্গে উপস্থিত হন। নির্বাচনের আগে কাউন্সিলর ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠান।
বক্তব্যের শুরুতে কাউন্সিলর ও সহ প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, বিসিবির নির্বাচনে সব প্রার্থীর একসঙ্গে এমন আয়োজন খুবই বিরল। এরপর তিনি নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান।
তামিম বলেন, যখনই যারাই নির্বাচিত হই না কেন, মিরপুর স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে হবে। ওই চেয়ারে বসার পর আমাদের একমাত্র দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটকে সেবা করা।
অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ের ওপর জোর দেওয়ার কথাও বক্তব্যে বলেন তামিম, অভিজ্ঞতা সংগঠকদের মূল্য আছে, কিন্তু তরুণ ও নতুন চিন্তার মানুষও সমান গুরুত্বপূর্ণ। তারা সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেটকে ভালোভাবে সেবা করতে পারবে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট ছেড়ে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তামিম বলেন, তিনি বিভিন্ন ক্লাব ক্রিকেট কার্যক্রমে সম্পৃক্ত থেকে খেলাটির উন্নয়নে কাজ করার চেষ্টা করছেন।
তামিমের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মন্তব্য। তিনি বলেন, গত দুই বছর বাংলাদেশ ক্রিকেট যে ধরনের সুনামির মধ্য দিয়ে গেছে, এটা থামতেই হবে। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই এটা থামাতে হবে।
তামিমের মতে, দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও গর্বের জায়গা ক্রিকেট। তাই চলমান অস্থিরতা থেকে বের হয়ে আসা জরুরি, ১৮ কোটি মানুষের জন্য ক্রিকেট অত্যন্ত আবেগের বিষয়। এই সুনামি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এর একটা শেষ হওয়া দরকার।
রোববারের নির্বাচনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে তামিম বলেন, নির্বাচিতদের সমালোচনার মুখে পড়তে হবে, তবে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। শেষে কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে বাংলাদেশ ক্রিকেটকে সেবা করার সুযোগ চেয়ে বক্তব্য শেষ করেন সাবেক এই অধিনায়ক।