প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:১৯:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানিতে মশার প্রাদুর্ভাব রোধের আহ্বান জানিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোথাও যদি অবহেলার কারণে পানি জমে মশার বিস্তার ঘটে, তবে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধনকালে মেয়র এ হুঁশিয়ারি দেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চসিক আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই (Bacillus thuringiensis israelensis) ব্যবহার করছে। এ প্রযুক্তি মশার লার্ভা ধ্বংসে অত্যন্ত কার্যকর ও পরিবেশবান্ধব।
ইতোমধ্যে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গেছে।
মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানান, মশা নিয়ন্ত্রণে কেবল সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির পাত্র বা আশপাশের কোথাও যাতে পানি জমে না থাকে, সে দিকে নজর দিতে হবে। নাগরিকদের সম্মিলিত সহযোগিতা থাকলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কর্মসূচির আওতায় নিয়মিত ফগিং কার্যক্রমের পাশাপাশি লার্ভিসাইড ছিটানো, নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। নগরের প্রতিটি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।