প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগরে “মাদককে না বলুন, গড়ুন মাদকমুক্ত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেল ৩টায় আয়ুব বিবি কলেজ মাঠে এ আয়োজন করে খোয়াজনগর ইয়াং স্টার ক্লাব ও মানবতার ডাক, সহযোগিতায় সচেতন নাগরিক সমাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোয়াজনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের। সভাপতিত্ব করেন আনোয়ার এবং সঞ্চালনা করেন মুক্ত বিহঙ্গ ক্লাবের সম্পাদক ইমরান হোসেন তারা।
র্যালি ও আলোচনা সভায় স্থানীয় জনগণ, তরুণ সমাজ ও বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের সদস্য বেলাল, সোহেল ও রমজানসহ এলাকার অসংখ্য যুবক।
আলোচনা সভায় বক্তারা বলেন—“মাদক শুধু একজন মানুষ নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে সচেতন হতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে আয়ুব বিবি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি/মিছিল বের করা হয়, যা খোয়াজনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির অংশগ্রহণকারীরা পথে একটি জুয়ার স্থান ও মাদক সেবনের জায়গা উচ্ছেদ করে দেয়, যা এলাকাবাসীর প্রশংসা কুড়ায়।
পরে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মে ফিরে যায়। স্থানীয়রা জানান, এই র্যালির মাধ্যমে এলাকায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক নতুন সচেতনতা তৈরি হয়েছে।