প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ২:৫০:০৯ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারায় অনুষ্ঠিত এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে দলের হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ভুল বুঝিয়ে চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়ন ভাগিয়ে নেওয়া হয়েছে।
তাদের দাবি, এ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগের দোসর, সুবিধাভোগী ও বহু বছর ধরে রাজপথে অনুপস্থিত পলাতক ব্যক্তি। তাকে গত ১৭ বছরে কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল-মিটিংয়ে দেখা যায়নি। আনোয়ারা-কর্ণফুলীর বিএনপির তরুণ কর্মীরাও তাকে চিনে না। স্বৈরশাসনামলে তিনি বিএনপির রাজনীতিতে কখনও সরব ছিলেন না। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করেছেন। দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করায় বিএনপির আপামর কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকের মশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে।
মশাল মিছিলটি কর্ণফুলী আনোয়ারা কালাবিবির দিঘি মোড় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলী টানেলের মুখে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে, সরওয়ার জামাল নিজামের কুশপুত্তলিকা দাহ ও তাঁর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালিয়ে এক ঘণ্টা বিক্ষোভ করেন নেতাকর্মীরা।