প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১০:২২:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জমিয়তুল ফালাহ মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়ন ও উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মসজিদকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের ইসলামী গবেষণাগার ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বেগম খালেদা জিয়াই তা বাস্তব রূপ দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মসজিদের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একটি ইটও নতুন করে লাগানো হয়নি, বরং ভাড়া দিয়ে মসজিদের পবিত্রতা ও পরিবেশ ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিষদ জমিয়তুল ফালাহকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে এবং শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, মুসল্লি পরিষদের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. মহসিন, আনোয়ার হোসেন লিপু, মোরশেদুল আলম কাদেরী, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।