প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:৫০:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়—চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবেও গড়ে তুলতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন।
কিন্তু পরবর্তী সরকার সেই বাণিজ্যিক রাজধানীর সব কার্যক্রম কার্যত বন্ধ করে দেয়। ফলে চট্টগ্রাম আজ বঞ্চিত। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের দাবি—বাংলাদেশের সার্বিক উন্নয়নে চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে।তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য কর্ণফুলী নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে হবে।
একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। ইতিহাসের সাক্ষী কালুরঘাট সেতুর নির্মাণ কাজ গত মে মাসে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এই সেতু শুধু দক্ষিণ চট্টগ্রামের দাবি নয়, এটি পুরো চট্টগ্রামবাসীর প্রাণের দাবি।আবু সুফিয়ান আরও বলেন, কালুরঘাট সেতু নির্মাণ, যানজট নিরসনসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে চাই। আমরা আর উন্নয়নের আশ্বাস দিতে চাই না। আগামীর প্রধানমন্ত্রী হিসেবে চট্টগ্রামের উন্নয়নে আপনাকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে চট্টগ্রাম-৯ আসনসহ চট্টগ্রামের ১৬টি আসন আপনাকে উপহার দেবে চট্টগ্রামবাসী।