মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ’র নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে সীতাকুণ্ডে বিএনপির নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাজারে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত নবনির্মিত এই নির্বাচনী অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অফিসকে কেন্দ্র করে পুরো কুমিরা ও আশপাশের এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য জানে আলম বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম ইব্রাহিম এবং যুবদলের সাবেক সভাপতি এম হেলাল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনিস মাস্টার, নাছির উদ্দীন, ইব্রাহিম, মো. ইউনুস মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অফিস উদ্বোধনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের জনগণ উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবার ক্ষেত্রে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে। সেই লক্ষ্যে আসলাম চৌধুরী এফসিএ’র নেতৃত্বে সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, এই নির্বাচনী অফিস শুধু একটি কার্যালয় নয়, এটি হবে জনগণের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার কেন্দ্রবিন্দু। এখান থেকেই নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেন, তৃণমূল পর্যায়ের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং সীতাকুণ্ডবাসী একটি নতুন, উন্নয়নমুখী ও গণতান্ত্রিক নেতৃত্ব পাবে।