চট্টবাণী: মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।
রোববার (১৪ ডিসেম্বর) মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।