হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এ প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মফিজুর রহমান।
প্রদর্শনী পরিদর্শনকালে ইউএনও মফিজুর রহমান বিভিন্ন স্টল ঘুরে খামারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে প্রদর্শিত নানা উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশুপালন খাতকে আরও এগিয়ে নিতে হবে।
এসময় প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের লালন-পালন করা উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণিসম্পদ প্রদর্শন করেন। পাশাপাশি দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও আধুনিক খামার স্থাপন নিয়ে তথ্য-পরামর্শ দেওয়া হয়।
প্রাণিসম্পদ সপ্তাহকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারি, কৃষক ও সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশ নেন। তারা আধুনিক কৃষি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।