চট্টবাণী: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে।
চট্টগ্রামে ইসকনের ঐতিহ্যবাহী এই রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরের নন্দনকানন ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর পৌরহিত্যে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নন্দনকানন ইসকনের ঐতিহাসিক রথপরিক্রমার আয়োজন করে ঐতিহ্য ধরে রেখেছে।
হাজার হাজার ভক্তের উপস্থিতি আজ আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে। প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার হারিশ কুমার বলেন, রথযাত্রা ভগবানের বিশেষ কৃপার প্রকাশ।
এ সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে এসে রাজপথে অবতীর্ণ হন। এ কারণেই রথযাত্রাকে বলা হয় সর্বজনীন করুণার উৎসব।বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমশিনার ড. মো. জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুবেল বড়ুয়া।
নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারন নিত্যানন্দ দাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক কাউসিলর মো. আবদুল মালেক, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, রাজিব ধর তমাল, বিপ্লব দে পার্থ, সৌরভ প্রিয় পাল, সুবল সখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী প্রমুখ।
ঐতিহ্যবাহী মহাশোভাযাত্রা নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দির সংলগ্ন ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন গৌর নিতাই আশ্রমে এসে শেষ হয়। মহাশোভাযাত্রায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে লক্ষাধিক ভক্তবৃন্দসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগ দেন।
শুক্রবার (১৭ জুলাই) থেকে সাত দিনব্যাপী জেএম সেন হলে ভাগবদ সপ্তাহ অনুষ্ঠিত হবে। ভাগবতম কথা পরিবেশন করবেন শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী। ২৪ জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম থেকে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।