মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের জন্য শিক্ষা, চাকরি ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার দাবিতে রাঙ্গামাটির রাজস্থলীতে ‘পার্বত্য চট্টগ্রাম সম–অধিকার আন্দোলন’-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার। সঞ্চালনায় ছিলেন মাসুদ। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কামাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, পাহাড়ে বসবাসকারী সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রের সুবিধা সমবণ্টনের লক্ষ্যেই এই আন্দোলন কাজ করছে। তাঁরা শিক্ষা, কর্মসংস্থানসহ প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানান।
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে বক্তারা সমালোচনা করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা “একতরফা ও বৈষম্যমূলকভাবে” চুক্তিটি করেন। তাঁদের অভিযোগ, চুক্তির ফলে একটি অংশ নানা সুবিধা পেলেও বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চনার মধ্যে রয়েছে।
বক্তাদের ভাষায়, ‘পাহাড়ে বিশাল একটি জনগোষ্ঠী এখনো অবহেলা ও মৌলিক অধিকারহীন অবস্থায় জীবন কাটাচ্ছে, যার দায় রাষ্ট্রীয় নীতিগত ভুলে নিহিত।
বিশেষ অতিথি অধ্যক্ষ ক্যামং মারমা ভান্তে বলেন, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কর্মকাণ্ডে পার্বত্য চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। পাহাড়ি–বাঙালির সহাবস্থান নষ্ট করে কারা লাভবান হচ্ছে, তা রাষ্ট্রের গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টা জাহাঙ্গীর কামাল, জেলা যুগ্ম আহ্বায়ক সগির আহমদ, জেলা সদস্য সচিব রকিব হোসেন, কমিটির সদস্য নুরুল আবছার এবং রাঙ্গামাটি পৌর সাধারণ সম্পাদক আলী আজগর বাদশা।সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।