প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১০:৪৬:২৮ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: আকর্ষণীয় সাজসজ্জা ও নান্দনিক আয়োজনে নতুন রূপে সেজেছে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ঐতিহ্যবাহী ডিসি পার্ক। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে সাগরপাড় ঘেঁষে ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা এই পার্কে আগামী শুক্রবার, ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’।
দেশের বৃহত্তম এই ফুল উৎসবটি এবার চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে। উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করবে। ফুলের বর্ণিল সৌন্দর্যের পাশাপাশি এবার ডিসি পার্কে যোগ হয়েছে একাধিক নতুন আকর্ষণ— জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি।
ফুল উৎসব চলাকালে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক একটি সচেতনতামূলক স্টল।
উৎসবটি চলবে ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ;হাসিব আজিজ, পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম;মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবংমোহাম্মদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।