প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের জন্য কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এ সফরে সেনাপ্রধান ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি তিনি নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়াসহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।