মহানগর

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ১১:০২:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ওয়াকফ বিষয়ক সার্বিক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। সীতাকুণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রনাথ পাহাড় দেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান।

এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই এ পাহাড়ে নতুন করে কোনো মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সর্বত্র অবস্থিত ওয়াকফ সম্পত্তি সুরক্ষা, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য ওয়াকফ প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে । সম্প্রতি নানা অনিয়ম ও দখলদারিত্ব রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ওয়াকফ সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, ওয়াকফ সম্পত্তি ডিজিটাল রেজিস্ট্রেশন, ভাড়া ও ইজারা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ, অবৈধ দখলমুক্ত করা এবং আয় বৃদ্ধি করে শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদ্রাসা উন্নয়নসহ সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় নিশ্চিত করা।

তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের আধ্যাত্মিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সম্পত্তি রক্ষা করা আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।

তিনি জানান, সারাদেশে প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াকফ এর জায়গা বেদখলে রয়েছে। এগুলো উদ্ধার করে সমাজের ভাল কাজে ব্যবহার করতে হবে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content