প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১১:১৪:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: আধুনিক চট্টগ্রামের অর্থনৈতিক ভিত নির্মাণে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) বাদে মাগরিব চকবাজার সিটি করপোরেশন শাহি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন মেয়র।
তিনি বলেন, শিল্পায়ন, রপ্তানিমুখী অর্থনীতি এবং অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে তিনি চট্টগ্রামের মানুষের জীবনযাত্রায় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করেছিলেন।
মেয়র বলেন, বেগম খালেদা জিয়াকে মানুষ সাধারণত একজন দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেত্রী হিসেবেই চেনে।
স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম তাঁকে জনমানসে গণতন্ত্রের প্রতীকে পরিণত করেছে। তাঁর ব্যক্তিগত শালীনতা, ভদ্রতা ও দেশপ্রেম সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে, যার প্রতিফলন ঘটেছে তাঁর ধারাবাহিক নির্বাচনী সাফল্যে। তাঁর জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিই প্রমাণ করেছে তিনি ছিলেন জনমানুষের নেত্রী। ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে সংগ্রাম করে গেছেন।
দেশের মানুষের ভোটাধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তাঁর এই নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর মৃত্যুতে পুরো দেশের মানুষ শোকাহত।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কায়সার লাভু, মসজিদ কমিটির সহ সভাপতি রমজু মিয়া, সদস্য এমএ হালিম বাবলু, আবদুল মালেক, জসিম উদ্দিন, মোহাম্মদ আবু, চসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন সহ বিপুল সংখ্যক মুসল্লি।
মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি।