উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে মহিলা সমাবেশে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:১৩ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও পাহাড়তলী আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন অধ্যাপক আলহাজ্ব মোঃ আসলাম চৌধুরী (এফসিএ)-এর সহধর্মিণী ও একমাত্র কন্যা মেহরিন আনহার ওজমা সীতাকুণ্ড উপজেলার বারইয়াঢালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।

গত ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার আয়োজিত এ সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টেরিয়াইল ৫ নং ওয়ার্ড জসিম মেম্বারের বাড়িতে আয়োজিত উঠান বৈঠক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা চৌধুরী এবং কন্যা মেহরিন আনহার ওজমা ও ইলাফার চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাসিমা আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ২নং বারইয়াঢালা ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ জয়নাল, অ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলি প্রমুখ।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ২নং বারইয়াঢালা ইউনিয়ন নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম শরীফ।এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং বাড়িয়াঢালা ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ এস্কান্দর হোসেন, বারইয়াঢালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ জসিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সাবেক মেম্বার মোঃ জসিমের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে বলেন, ২০১৩ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা গায়ের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। হামলায় তার মা ছলমা খাতুন গুরুতর আহত হয়ে দীর্ঘ তিন মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমনকি একটি গবাদিপশুকেও পুড়িয়ে হত্যা করা হয়। দলের প্রতি এই ত্যাগ আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

প্রধান অতিথির বক্তব্যে জামিলা চৌধুরী বলেন,“২০১৬ সালের ১৫ মে আমার স্বামী লায়ন আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২০শে আগস্ট পর্যন্ত তিনি টানা ৮ বছর ৩ মাস ৫ দিন কারাবন্দি ছিলেন। এত দীর্ঘ সময় তিনি জনগণের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আপনারা যদি এবার তাকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন, ইনশাল্লাহ তিনি সীতাকুণ্ডের মানুষের সকল ন্যায্য চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।”

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মেহরিন আনহার ওজমা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি দীর্ঘ সময় আমার বাবাকে ছাড়া জীবন কাটিয়েছি। একজন সন্তান বাবাকে ছাড়া কী কষ্টের ভেতর দিয়ে যায়, তা শুধু আমি জানি। আজ আমি আপনাদের কাছে অনুরোধ জানাই—আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে বিজয়ী করুন। এই বিজয় শুধু একজন মানুষের নয়, এটি ত্যাগী পরিবার ও নির্যাতিত মানুষের বিজয় হবে।”

সমাবেশ শেষে উপস্থিত নারী নেত্রী ও কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর 27

Sponsered content